প্রকাশিত: Sat, Jul 29, 2023 4:46 PM
আপডেট: Fri, Sep 11, 2026 6:17 PM

[১]হৃদরোগ হাসপাতালে আমানউল্লাহ আমানের জন্য খাবার ও ফলমূল পাঠালেন প্রধানমন্ত্রী

শাহানুজ্জামান টিটু: [২] গাবতলীতে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। হার্টের রোগী বিধায় পুলিশ তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করায়। 

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) হৃদরোগ হাসপাতালে এই বিএনপি নেতাকে দেখতে যান। এসময় তিনি বিএনপি নেতার কাছে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস ভর্তি একটি বুকেট হস্তান্তর করেন। 

[৪] গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে জানান, প্রধানমন্ত্রী আপনার জন্য এসকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন। 

[৫] এপিএস-২ আরও বলেন, আমানউল্লাহ আমান চিকিৎসার জন্য দেশের ভিতরে অন্য যে কোনো হাসপাতালে যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৬] আমানউল্লাহ আমান প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। 

[৭] বিকেলে আমানউল্লাহ আমানকে হৃদরোগ ইনস্টিটিউট থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব